
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমী উপলক্ষে সন্ধ্যার দিকে তুরাগ নদীতে একটি স্যালো ইঞ্জিনচালিত নৌকা আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় নৌকাটি উল্টে নদীতে ডুবে যায়।
ডুবে যাওয়া নৌকায় শিশুসহ প্রায় ১৮-২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্যরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও দুই শিশু নিখোঁজ থাকে। নিখোঁজদের নাম তন্ময় ও অঙ্কিতা, তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজলতলী গ্রামে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। কালিয়াকৈর ইউএনও জানান, নিখোঁজ শিশুদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।