বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি, ঘণ্টায় ৮৩ কিমি গতিবেগ

image 28

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হয়েছে। মার্কিন নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে।

সকাল ৯টায় প্রকাশিত বার্তায় জানানো হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্বদিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির নাম ‘শক্তি’। আজ রাতেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে ‘গভীর নিম্নচাপ’ হিসেবে বিবেচনা করছে।

ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশ অতিক্রম করবে না। তবে এর প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় তৈরি হওয়া সাধারণত কঠিন। তাই বর্ষা মৌসুমে ‘শক্তি’ ঘূর্ণিঝড়ের সৃষ্টি ব্যতিক্রমী ঘটনা।

উল্লেখ্য, এই বছর বঙ্গোপসাগরে রেকর্ডসংখ্যক মৌসুমি লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা সাধারণের চেয়ে অনেক বেশি।