মুহুরী নদীর পানি বৃদ্ধিতে ফুলগাজী বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত ফেনীতে

image 27

ফেনীতে টানা বৃষ্টিপাত আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলগাজী বাজার ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পর্যন্ত নদীর পানি কিছুটা কমলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি। ব্যবসায়ীরা বলছেন, বারবার একইভাবে বাজার প্লাবিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের অবহেলা দায়ী।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার দুপুর থেকে ফুলগাজী পুরাতন পশুর হাটসংলগ্ন সুইসগেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের একটি অংশ এবং বাজারের বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে পড়ে। যদিও বৃহস্পতিবার সকালে পানি নামতে শুরু করেছে, তবে বৃষ্টি অব্যাহত থাকায় আতঙ্ক রয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের উজানের পানির প্রভাবে বুধবার থেকে নদীর পানি বাড়তে থাকে। তবে বৃহস্পতিবার দুপুরে বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে মুহুরী নদীর পানি ১০ দশমিক ২৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম রাজু বলেন, নদীর পানি কিছুটা কমেছে, তবে ভারতের উজানে ভারী বৃষ্টি হলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের ঝুঁকি রয়েছে।

ফুলগাজী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, “গত বছরও একই স্থান দিয়ে পানি ঢুকে বাজার প্লাবিত হয়েছিল। সুইসগেট ও ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে সংস্কার করা হলে এ ক্ষতির পুনরাবৃত্তি ঘটত না। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা মনোভাবই এ দুর্ভোগের মূল কারণ।”

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন জানান, সুইসগেটের স্থানটি আগে সংস্কার করা হলেও সেখানে ময়লা ফেলার কারণে আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এ ক্ষেত্রে ব্যবসায়ীদেরও দায় রয়েছে। তবে বর্তমানে নদীর পানি কমতে থাকায় বাঁধে ভাঙনের শঙ্কা নেই।

ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে ভারতের উজানের ঢলে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে থাকে।