
গাজার পথে থাকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিশাল বহর থেকে এখন মাত্র চারটি নৌযান যাত্রা অব্যাহত রেখেছে। মোট ৪৪টি নৌযানের মধ্যে বাকি ৪০টি ইতোমধ্যেই ইসরাইলি বাহিনী আটক করেছে বলে ফ্লোটিলা ট্র্যাকার নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সামারটাইম-জং, শিরিন, মাইকেনো এবং ম্যারিনেট নামের চারটি জাহাজই গাজা অভিমুখে রয়েছে। এর মধ্যে মাইকেনো ও ম্যারিনেট ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করা প্রথম নৌকা।
স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে গাজামুখী বহরটি ইসরাইলি বাধার মুখে পড়ে। ইসরাইলি নৌ সেনারা একাধিক জাহাজ থামিয়ে তাতে প্রবেশ করে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়। পরে নৌযানে থাকা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
আয়োজকদের বরাত দিয়ে জানা গেছে, বহরে থাকা মোট ২২৩ জন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে ইসরাইলি বাহিনী। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও।