
ফিলিস্তিনের স্বাধীনতা আদায়ে শেষ সেকেন্ড পর্যন্ত হার না মানার প্রত্যয় ব্যক্ত করেছেন সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।
এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানান এবং ইসরাইলি আগ্রাসন ঠেকাতে দেশে দেশে প্রতিবাদের ডাক দেন।
ফিলিস্তিনের পতাকা হাতে প্রকাশিত এক ভিডিওতে রিমা জানান, তার জাহাজটি গাজার কাছাকাছি পৌঁছালে ইসরাইলি বাহিনী হামলা চালায় ও সেটিকে জব্দ করে। তিনি গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান এবং ফ্লোটিলা মিশন সফলভাবে শেষ করার আহ্বান করেন।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে এই নৌবহরে বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ নাগরিক অংশ নিয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ছাড়াও রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।