সমাবেশে ৪১ জনের মৃত্যুতে থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর স্থগিত

image 6

তামিল অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপ নেওয়া থালাপতি বিজয় নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর পক্ষ থেকে নির্ধারিত রাজ্যব্যাপী সফর স্থগিত করেছেন। সম্প্রতি তামিলনাড়ুর কারুরে তাঁর এক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।

বুধবার (১ অক্টোবর) এনডিটিভির খবরে জানানো হয়, দলটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সফর স্থগিতের ঘোষণা দেয়। টিভিকে জানায়, “আমরা প্রিয়জন হারানোর বেদনা ও শোকের মধ্যে আছি। এ অবস্থায় আমাদের নেতার আগামী দুই সপ্তাহের সকল জনসভা স্থগিত করা হচ্ছে। নতুন তারিখ পরে জানানো হবে।”

ঘটনার দিন দুপুর থেকেই হাজারো মানুষ জমায়েত হলেও বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে, সন্ধ্যা ৭টার পর মঞ্চে আসেন। স্থানটির ধারণক্ষমতা ছিল প্রায় ১০,০০০, কিন্তু সেখানে জড়ো হয়েছিল প্রায় ৩০,০০০ মানুষ। পর্যাপ্ত খাবার, পানি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল বলে রাজ্য পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ জানায়, এ কারণেই ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের বক্তব্য চলাকালেও অনেকে অজ্ঞান হয়ে পড়েছিলেন, কিন্তু তখনও বক্তৃতা বন্ধ করা হয়নি এবং অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকতে পারেনি। সমাবেশ শেষে বিজয় দ্রুত ত্রিচি বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে চেন্নাই ফিরে যান।

তবে টিভিকে নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা অতীতেও একাধিক বৃহৎ সমাবেশ সফলভাবে আয়োজন করেছেন যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।