
নোয়াখালীর মাইজদীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আশিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাইজদী বাজারের বিবি কনভেনশন হল ভবনে এ ঘটনা ঘটে।
তিতাস বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার গাজীপুর গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পরিবারের সঙ্গে মাইজদীতে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে আটতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিতাস। দ্রুত তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে পরিবারের দাবি, তিতাস দুর্ঘটনাবশত পড়েননি; তাকে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। বড় ভাই আরিফুল ইসলাম জানান, তিতাসের হাত-পায়ে আঘাত এবং গলায় কাটার দাগ ছিল। মামা আবদুল্লাহ আল জোবায়ের অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যা এবং ভবনের সিসিটিভি ফুটেজে এর প্রমাণ পাওয়া যাবে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।