
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে একটি ভিত্তিপ্রস্তরমূলক নির্বাচন, যা বাংলাদেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্যারিসের মেয়র আনে হিদালগো হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সাক্ষাৎকালে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে তিনি কাজ করেছেন। পাশাপাশি ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে কার্বন-নিউট্রাল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মেয়র হিদালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি অসাধারণ কাজ করছেন।”
দুই নেতা রোহিঙ্গা সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে তহবিল বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। হিদালগো বিশ্বব্যাপী শরণার্থী শিবিরে জীবনমান উন্নয়নের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন মর্যাদার সঙ্গে নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারবেন।
অধ্যাপক ইউনূস জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে, যা বিশ্বের মনোযোগ আবারও এই দীর্ঘমেয়াদি সংকটের দিকে ফেরাবে।
তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।