যথাসময়েই রাকসু নির্বাচন হবে: প্রধান রিটার্নিং কর্মকর্তা

image 144

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধার (পোষ্য কোটা) ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা এবং শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা তৈরি হলেও রাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রচারণা তুলনামূলকভাবে কম দেখা যায়। হাতে গোনা কয়েকজন প্রার্থীকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

অন্যদিকে পূর্ণদিবস কর্মবিরতিতে থাকা কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী জানিয়েছেন, তাদের আন্দোলন রাকসু নির্বাচনে প্রভাব ফেলবে না। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, “রাকসুকে আমরা কর্মসূচির বাইরে রেখেছি। আমাদের দাবি হলো, যে ছাত্র নামধারী সন্ত্রাসীরা উপ-উপাচার্যকে লাঞ্ছিত করেছে তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দিতে হবে।”

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, “গতকালের ঘটনায় নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চলছে। রাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা, তাই সবার সহযোগিতা চাই। উপাচার্যও আমাদের কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়েই, অর্থাৎ ২৫ তারিখে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। তারা নিশ্চিত করেছেন যে জরুরি সেবার কার্যক্রম আন্দোলনের আওতার বাইরে থাকবে। “২৫ তারিখের নির্বাচন এখন জরুরি সেবার অংশ হিসেবেই বিবেচিত,” বলেন তিনি।