পিআর নিয়ে সরকারের কম কথা বলা উচিত: প্রেস সচিব শফিকুল আলম

image 143

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে সরকারের বেশি বক্তব্য না দেওয়াই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “পিআর হবে নাকি বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন হবে—সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয়।”

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার কার্যালয়ে গবেষণা সংস্থা ইনোভেশনের এক জরিপ ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, “জরিপের ফলই প্রমাণ করছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চান, এর মানে আগামী নির্বাচন হবে ইনক্লুসিভ। বাংলাদেশের কারও সাধ্য নেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। সবাই ভোট দিতে আসলে ভোট ভালো হতেই হবে।”

অনুষ্ঠানে প্রকাশিত জরিপে দেখা যায়, দেশে আসন্ন নির্বাচনে পিআর সিস্টেম সম্পর্কে জানেন না ৫৬ শতাংশ মানুষ। পিআর চান ২১.৮ শতাংশ, চান না ২২.২ শতাংশ। জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন। এদের মধ্যে ৬৯.৯ শতাংশ মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে এ বিষয়ে তুলনামূলক কম আস্থা দেখা গেছে।