
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন জমা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বুধবার সন্ধ্যায় জানান, গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে চাকসুর বিভিন্ন পদে মোট ৫২৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন বিতরণ শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে সময়সীমা একদিন বাড়ানো হয়।
হল ও হোস্টেল সংসদের বিভিন্ন পদেও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। মোট ১৪টি হল ও একটি হোস্টেলের বিভিন্ন পদে ৬৩৪ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে সোহরাওয়ার্দী হলে সর্বাধিক ৮৩ জন এবং নবাব ফয়জুন্নেসা হলে সর্বনিম্ন ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইতিমধ্যে ২৪৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। শাহ আমানত হলে সর্বাধিক ২৭টি, শাহজালাল হলে ২৬টি এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ২১টি মনোনয়ন জমা পড়েছে। অন্যদিকে আলাওল হলে মাত্র ৪টি এবং শহীদ ফারহাদ হোসেন হলে ৬টি মনোনয়ন জমা পড়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আগামী ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।