গাজায় একদিনে প্রাণহানি ৮৩, মোট নিহত ছাড়াল ৬৫ হাজার

image 112

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় অন্তত আরও ৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এতে গাজায় মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে গাজা শহরে, যেখানে ইসরায়েলি সেনারা তীব্র স্থল অভিযান চালাচ্ছে। চলমান এই সর্বাত্মক হামলায় বেসামরিক মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৬৫ হাজার ৬৯৭ জনেরও বেশি আহত হয়েছেন।

নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ ও স্থল অভিযানের পাশাপাশি গোটা উপত্যকাজুড়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে উত্তর গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে বলে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করছে।