
২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বও। তবে শেষটা সুখকর হয়নি লিওনেল স্কালোনির দলটির জন্য। নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। একই দিনে বলিভিয়ার মাঠে ব্রাজিলও ১-০ গোলে হেরে শেষ করেছে তাদের বাছাই মিশন।
গুয়াইয়াকিলে এই ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে মাঠে ঘটেছে নাটকীয় অনেক কিছু। দুই দলের দুইজন খেলোয়াড় লাল কার্ড দেখেন, আর পেনাল্টি থেকে হজম করা একমাত্র গোলেই হার মানতে হয় আর্জেন্টিনাকে।
ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন আনেন স্কালোনি। লক্ষ্য ছিল জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। কিন্তু ৩১ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক নিকোলাস ওতামেন্ডি। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে লাল কার্ড দেখেন স্বাগতিক দলের মইজেসে ক্যাইসেদোও। তবে শেষ পর্যন্ত স্কোরলাইন আর বদলায়নি, হার নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।