চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’

image 94

সোমবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনের দ্বিতীয় তলায় হল সংসদের জন্য ফরম সংগ্রহ করেন প্যানেলটির ১২ জন সদস্য।

এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।

মনোনয়নপত্র সংগ্রহের পর তারিন জানান, “আজ আমরা ১২ জন একসঙ্গে ফরম সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের ঘোষণা দেবো।”

এজিএস প্রার্থী আফরিদা রিমা বলেন, “আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে বইয়ের ঘাটতি এবং ছোট নামাজ রুমের মতো নানা সমস্যা সমাধানে কাজ করতে চাই।”

এর বাইরে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও দুই শিক্ষার্থী—সোহরাওয়ার্দী হলের হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদে) এবং শাহজালাল হলের শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদে)।

ইতিমধ্যেই ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ তাদের প্যানেল ঘোষণা করেছে।

আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর এটাই প্রথম চাকসু নির্বাচন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, যাচাই–বাছাই ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।