ভাঙ্গায় শনিবার পর্যন্ত অবরোধ-আন্দোলন স্থগিত

image 90

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন তারা। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত সব ধরনের অবরোধ-আন্দোলন বন্ধ থাকবে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা প্রশাসকের আশ্বাস ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নাশকতা ঠেকাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মাঠে কাজ করছে তিনটি ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট টিম। জেলা প্রশাসক জানিয়েছেন, কেউ অবরোধের চেষ্টা করলে তা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ভাঙ্গার স্থানীয় জনতা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।