
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
মায়া জানান, নীতি, সততা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করলেও দলের ভেতরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। এতে তার নৈতিক অবস্থান ক্ষুণ্ন হওয়ায় দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, রাজনীতির সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাস নষ্ট হওয়ার আগেই নিজেই সরে দাঁড়াচ্ছেন। তবে এই পদত্যাগ কারও বিরুদ্ধে নয়, বরং বিবেক ও আত্মমর্যাদার জায়গা থেকে নেওয়া সিদ্ধান্ত। দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
গত ৪ আগস্ট মায়া এনসিপির কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি অবশেষে দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী জানান, মায়াসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে এবং যাচাই-বাছাইয়ে তার প্রমাণও মিলেছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।