ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন

image 70

ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। তারা ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা পুলিশ সদস্যরা জনতার ধাওয়ায় পড়ে মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা–খুলনা মহাসড়ক হয়ে গোলচত্বর এলাকায় পৌঁছায়। এ সময় তারা সাংবাদিকদের ছবি তোলা ও ভিডিও ধারণে বাধা দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সড়ক থেকে সরাতে ব্যর্থ হয়। পরে জনতার ধাওয়া খেয়ে কিছু পুলিশ সদস্যকে মডেল মসজিদে অবস্থান করতে দেখা যায়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলার পাশাপাশি উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেয়।

এলাকার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ পায়ে হেঁটে, ভ্যান–নসিমন ও মোটরসাইকেল যোগে উপজেলা সদরের দিকে আসতে থাকেন। এর ফলে ঢাকা–খুলনা মহাসড়কসহ দুটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ভাঙ্গা সার্কেল অফিসার, ভাঙ্গা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। তবে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করছেন।