
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ঘোষণা দিয়েছেন যে, জীবন দিতে হলেও জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রতিহত করবেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের আত্মত্যাগকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে হামিম লেখেন, “গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে আবু সাঈদ যেমন বুক পেতে জীবন দিয়েছিলেন, ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরাও প্রয়োজনে রক্ত দিবে। কিন্তু পিআরের মতো বৈষম্যমূলক পদ্ধতির নামে জাতীয় নির্বাচনকে বিপথগামী করার কোনো চেষ্টা সফল হতে দেয়া হবে না।”
একই পোস্টে তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ফুয়াদ ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে যে মন্তব্য করেছেন, সেটিকে আওয়ামী লীগের পুরোনো বয়ানের পুনরাবৃত্তি বলে আখ্যা দেন হামিম। তিনি লেখেন, “ছাত্রদলের ছেলেদের গাঁজাখোর বলার মন্তব্য শুনে মনে পড়ল আওয়ামী লীগের সেই প্রচার—যেখানে শহীদ আবু সাঈদকেও ‘টোকাই-গাঁজাখোর’ বলা হয়েছিল।”
ফুয়াদকে উদ্দেশ্য করে হামিম আরও লেখেন, “আমরা কীভাবে কথা বলব, কোথায় থামব—সেটা জানা খুবই জরুরি। অথচ ফুয়াদ সাহেব বিলেত থেকে ডিগ্রী নিয়েও সীমারেখা বোঝেননি। তাকে আমি তলস্তয়ের কালজয়ী গল্প সাড়ে তিন হাত জমি থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ জানাই। সেখানে যেমন পাখোম জানত না কতদূর গেলে থামা উচিত, তেমনি ফুয়াদ সাহেবও তা বোঝেননি।”