
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু। তিনি ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।
মাহমুদুল মিঠু বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অবস্থান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা উচিত হবে না। তাই দলীয় প্যানেলকে শক্তিশালী করতে ভিপি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।”
তিনি আরও জানান, এখন থেকে তিনি ছাত্রদলের প্যানেলভুক্ত হয়ে সিনেট ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে ৭ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দেয় ছাত্রদল। সেই সময় শীর্ষ পদে আলোচনায় থাকলেও প্যানেলে স্থান না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন মিঠু।