
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নুরের অবস্থার কোনো উন্নতি হয়নি।
রাশেদ খান বলেন, “নুরুল হক নুর শর্ট টার্ম মেমোরি লসে ভুগছেন। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো থেকে বিরত রাখতে একটি মহল সক্রিয়ভাবে বাধা দিচ্ছে।”
তিনি আরও জানান, নুর কথা বলতে গেলে তা সম্পূর্ণ করতে পারছেন না এবং অনেক সময় এলোমেলোভাবে কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন খেয়েছেন কি না। কথা বলার সময় ঘুমিয়ে পড়ছেন, দাঁড়াতে পারছেন না এবং শরীরের ভারসাম্য রাখতে সমস্যা হচ্ছে। তার অবস্থা এখনো ঝুঁকিমুক্ত নয় বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় রাশেদ খান অভিযোগ করেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।”