
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট আবেদনকারীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া এক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবির পৃথকভাবে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। তাদের অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী এ টাস্কফোর্সের প্রধান। অভিযোগগুলো সেখানে পাঠানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে রাত সাড়ে ৯টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষার্থীকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “অভিযোগ ওঠার পরপরই আমরা প্রশাসনকে জানিয়েছি। নারীদের বিরুদ্ধে যে ধরনের হুমকি ও বাজে সংস্কৃতি গড়ে উঠেছে, তার বিরুদ্ধে লড়াই চালাতে হবে সমন্বিতভাবে।”
প্রসঙ্গত, বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট আবেদন করেছিলেন। সেই রিটের শুনানিতে সোমবার দুপুরে হাইকোর্ট ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা স্থগিত করে ৩০ অক্টোবর পর্যন্ত। তবে পরে আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ বাতিল করেন।
এই রিট আবেদনকারী ফাহমিদা আলমকে লক্ষ্য করে ফেসবুকে ‘গণধর্ষণের পদযাত্রা’ করার হুমকি দেয় ঢাবির শিক্ষার্থী আলী হুসেন। মুহূর্তেই তার ওই স্ট্যাটাস ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।