
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে প্রতিনিধি পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার জন্য উপহারও পাঠান তিনি।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এ তথ্য জানান হাসনাত আবদুল্লাহ। উল্লেখ্য, রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মতবিরোধ ছিল। তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি খোঁজখবর নিতে লোক পাঠিয়েছেন এবং আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা, যা স্বাগত জানানো উচিত।”
তিনি আরও বলেন, “আমরা ২০২৪–পরবর্তী বাংলাদেশে সহিংসতা চাই না। ভিন্নমতই গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ যদি আক্রোশ প্রকাশ করে, আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেবো। আবার কেউ ইতিবাচক উদ্যোগ নিলে তা আন্তরিকভাবে গ্রহণ করা উচিত।”
উক্ত বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।