
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদবিরোধী মিছিল যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাতে সংঘটিত এ ঘটনায় দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে গণঅধিকার কর্মীদের ওপর নির্দয়ভাবে আঘাত করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই ঘটে এ ঘটনা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মারধরের ভিডিও ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে—মেরুন পোশাকের ওই ব্যক্তি আসলে কে?

শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান, যার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩।
রাশেদ তার পোস্টে আরও উল্লেখ করেন, মেরুন পোশাক পরা এই ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে—সে নুরকে মারধর করেছে—তা সঠিক নয়। তিনি আহ্বান জানান, ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।