
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভিপি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ষড়যন্ত্র, যা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধেই পরিচালিত হয়েছে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনটি দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ্যানি বলেন, “৫ আগস্টের পর এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে—সব রাজনৈতিক দল কি এখনো ঐক্যবদ্ধ আছে? যে ঐক্য নিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই ঐক্য কি অটুট রয়েছে? আমি তা দেখছি না। নুরের ওপর আক্রমণ কারা করেছে, তা বের করতে হবে। কারণ এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, একইসঙ্গে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধেও ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “হাসিনার শাসন দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ধ্বংস করেছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হয়েছে, মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রাখা হয়েছে। গুম-খুনের ঘটনাও ঘটছে।”
জামায়াতকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, “ঐক্যের ভেতরে যদি ভাঙন দেখা দেয়, ফ্যাসিস্টরা সেই সুযোগ নেবে। দেশের শত্রুরা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রুরা এই পরিস্থিতিকে ব্যবহার করবে। তাই জুলাই আন্দোলনের প্রজন্মসহ সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যাতে দেশকে রক্ষা করা যায়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।
উল্লেখ্য, ২০১২ সালে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর একই স্থানে এবার দ্বিবার্ষিক সম্মেলন আয়োজিত হলো।