
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন সংগঠনের নেতা ও কর্মীরা। লাল রঙের টি-শার্ট পরা এক যুবক নুরের সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর নির্মমভাবে প্রহার করে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা ওই যুবক নুরের সঙ্গী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক মারছে। তীব্র সমালোচনার পর পুলিশ জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত করতে কাজ শুরু করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, “ভিডিওতে দেখা ওই ব্যক্তিকে এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। তাকে শনাক্তের চেষ্টা চলছে।”
অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন— জাতীয় পার্টির কর্মীরাই মিছিলে হামলা চালিয়েছে। ঘটনার প্রতিবাদে সংগঠনটি রাতে কাকরাইলে মশাল মিছিল বের করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রথমে পুলিশ ও সেনা সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। নুরের সঙ্গে থাকা নেতাকর্মীরা মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা যুবক তাদের ওপর বেধড়ক মারধর শুরু করে। বিষয়টি তদন্ত হওয়া জরুরি এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
এ ঘটনায় বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান ফেসবুকে লিখেছেন, “ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে— গাঢ় লাল শার্ট পরা একজন লোক নুরের সঙ্গী ও গণঅধিকার নেতাকর্মীদের ওপর নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় জানা গেলে অনেক কিছু পরিষ্কার হবে।”
তিনি আরও মন্তব্য করেন, “তাহলে বোঝা যাবে কারা পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণের বাইরে নিতে চাইছে এবং তাদের উদ্দেশ্য কী।”