জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, আজ ঘোষণা করবে নির্বাচন কমিশন

image 93

নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত , আজ ঘোষণা করবে ইসি জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ (কর্মপরিকল্পনা) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের বৈঠকে এ সংক্রান্ত নথি অনুমোদনের পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রোড ম্যাপ ঘোষণা করা হবে। ইসির কর্মকর্তারা জানান, রোড ম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কোন সময়ের মধ্যে শেষ হবে তা উল্লেখ রয়েছে। এসব কাজের মধ্যে রয়েছে আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার, ব্যালট ও খাম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ ইত্যাদি। তবে রোড ম্যাপে নির্বাচনের তপসিল ও ভোটের তারিখ থাকবে না। বুধবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আমরা যে কর্মপরিকল্পনা করেছি সেটি আপনাদের জানাব। বৃহস্পতিবার আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো।” এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের অংশগ্রহণে বৈঠক হয়। বৈঠক শেষে কমিশনের এক সদস্য বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদনও দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।” ইসি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শুরু করবে কমিশন। আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের তপসিল ঘোষণা এবং আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ইসির কর্মকর্তাদের মতে, রোড ম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচনি প্রস্তুতির সময়সীমা স্পষ্ট হবে এবং এ প্রক্রিয়া ভোট নিয়ে মানুষের শঙ্কা কিছুটা হলেও কমাতে সহায়ক হবে।