
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো দাবি করেছেন, তার একটিমাত্র ফোনকলের কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যকার তীব্র উত্তেজনা থেমে গিয়েছিল। একই সঙ্গে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আখ্যায়িত করেছেন ‘অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জানান, ভারত-পাকিস্তান সংঘাত শুরুর পর তিনি সরাসরি মোদিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, সেই সময় মোদির ভেতরে প্রচণ্ড রাগ ও ঘৃণা কাজ করছিল, যা শত শত বছরের শত্রুতার প্রতিচ্ছবি বলে মনে হচ্ছিল।
ট্রাম্প আরও জানান, তিনি মোদিকে সতর্ক করে বলেছিলেন— যদি এই সংঘাত থামানো না হয় এবং তা পরমাণু যুদ্ধের দিকে গড়ায়, তবে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবে না। বরং এমন উচ্চ শুল্ক আরোপ করা হবে যা ভারতের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে, যা পাল্টাপাল্টি সামরিক অভিযানে গড়ায়। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। টানা পাঁচ দিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। যদিও পাকিস্তান এই কৃতিত্ব ট্রাম্পকে দিয়েছে, ভারত তা স্বীকার করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং পরবর্তীতে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন।