আমাকে টিউবলাইট দিয়ে আঘাত করেছিল ভিপি প্রার্থী জালাল: রবিউল

image 89

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’-এর বিরুদ্ধে রুমমেটকে আহত করার অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী রবিউল হক জানিয়েছেন, ছুরিকাঘাত নয় বরং টিউবলাইট দিয়ে আঘাত করার কারণেই তিনি জখম হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হামলার পর সহপাঠীরা গুরুতর আহত রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে নিজ কক্ষে আবদ্ধ ছিলেন জালাল। পরে প্রক্টর ও হল প্রভোস্টের সহযোগিতায় তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, হল প্রশাসন বাদী হয়ে ইতোমধ্যেই থানায় মামলা করেছে। মামলার পরবর্তী কার্যক্রম প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হবে।

আহত শিক্ষার্থী রবিউল হক বলেন, “ছুরি দিয়ে নয়, জালাল টিউবলাইট দিয়ে মাথায় আঘাত করেছিল। এতে লাইট ভেঙে বুকের বাম পাশে গভীর ক্ষত হয়। রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকে। আমি ঘুম থেকে উঠে বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, তাই শব্দ না করতে। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে অবৈধ ও বহিরাগত বলে গালাগাল দেয়। প্রতিবাদ করলে হঠাৎই আঘাত করে বসে। পরে আমি কোনোভাবে আত্মরক্ষা করি।”

এ ঘটনায় জালালের প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠলে প্রক্টর বলেন, “তার ভিপি প্রার্থিতা বহাল থাকবে কি না, সেটি ডাকসু নির্বাচন কমিশন তাদের বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”