
শোকজের জবাব অসন্তোষজনক হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র। জানা গেছে, কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে পদ স্থগিতের চিঠি শিগগিরই ফজলুর রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। পরবর্তীতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক হয়নি।
তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ সাময়িকভাবে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে তাকে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিকে ক্ষুণ্ন না করার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।