
আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের অন্তত ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির একটি রেইন বেল্ট অতিক্রম করছে। এর প্রভাবে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে সারাদেশে বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটি জানায়, এটি আংশিক রেইন বেল্ট হলেও নির্দিষ্ট এলাকায় প্রবল বৃষ্টিপাত ঘটাতে সক্ষম। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে; মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে; আর তুলনামূলকভাবে কম প্রভাব পড়বে রাজশাহী ও রংপুর বিভাগে।
সম্ভাব্য ঝুঁকি
বিডব্লিউওটি সতর্ক করে জানায়, দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙামাটির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস
- ২২ আগস্ট সন্ধ্যা থেকে ২৩ আগস্ট পর্যন্ত : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও অতি ভারি বৃষ্টি হতে পারে।
- ২৩ আগস্ট সন্ধ্যা থেকে ২৪ আগস্ট পর্যন্ত : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টির শঙ্কা থাকবে। এ সময়ে দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
- ২৪ আগস্ট সন্ধ্যা থেকে ২৫ আগস্ট পর্যন্ত : রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময়ও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এর পর বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।