
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর উদ্ধার অভিযানে নেমেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতের পর থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল ধলাই নদীর তীরবর্তী এলাকা থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফিরিয়ে দিয়েছে, যাতে পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চুরি হওয়া সব পাথর আগের অবস্থানে ফেরানো না পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। বহুদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাদাপাথরের প্রাকৃতিক রূপ নষ্ট করে পাথর চুরি করে আসছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেছেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এর আগে বুধবার রাতে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের নেতৃত্বে এক জরুরি বৈঠকে এই অভিযান শুরুর সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও চারটি পদক্ষেপ গ্রহণ করা হয়—
- জাফলং ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর টহল।
- গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট স্থাপন।
- অবৈধ পাথর ভাঙার মেশিন বন্ধে অভিযান।
- পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার।