
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার (১৩ আগস্ট) ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
তালিকায় থাকা সাবেক গভর্নররা হলেন— ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এর মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেন।
ছয় সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে আছেন— সরকার পরিবর্তনের পর দুদকের মামলায় কারাগারে থাকা এস কে সুর চৌধুরী, বিএফআইইউ প্রধানের পদ থেকে পদত্যাগ করা মো. মাসুদ বিশ্বাস, দীর্ঘদিন বিএফআইইউ প্রধানের দায়িত্বে থাকা আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।
চিঠিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন, কেওয়াইসি ও যাবতীয় তথ্য তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। কোনো অ্যাকাউন্ট বন্ধ থাকলে সেই তথ্যও জানাতে হবে।