এই মৌসুমেও রিয়ালকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি গাভির

gavi

চোটের কারণে গত মৌসুমে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার উদীয়মান তারকা গাভি। তবে নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে যেন নতুন প্রাণ নিয়ে ফিরেছেন তিনি। এক ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও উঠেছে হাতে। স্প্যানিশ তরুণ তারকা প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার জন্য।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চার ম্যাচেই জয় পেয়েছিল কাতালান ক্লাবটি। ক্লাসিকোর ইতিহাসে শুধু দ্বিতীয়বার রিয়ালের বিপক্ষে এক মৌসুমে চারবার জয়ের দেখা পায় বার্সা।

প্রাক-মৌসুম সফরে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছে বার্সেলোনা।সেখানেই একটি হোটেলে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর মুখোমুখি হন গাভি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

গাভির মতে, ‘অবশ্যই তারা আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। এক মৌসুমে চার জয়, যা আগে কখনো হয়নি।(১৯৮২-৮৩ মৌসুমে বার্সেলোনা রিয়ালের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটি জিতেছিল, অন্যটি ছিল ড্র)। এটা বোঝা যায়, তারা চিন্তিত থাকবেই।’

রিয়ালের স্কোয়াডে এই মৌসুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ হলেও গাভির আত্মবিশ্বাসে চিড় ধরেনি, ‘গত মৌসুমে আমরা দারুণ খেলেছি, আর ওরা কিছুই জেতেনি। এবার তারা দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় এনেছে। দেখা যাক, কেমন করে তারা।তবে আমাদের নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বার্সার দলে নতুন যোগ দেওয়া ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড ও বার্সা তারকা লামিনে ইয়ামাল নিয়েও কথা বলেন গাভি।