
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৫,
পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নামমাত্র মেডিকেল সেন্টার বাস্তবে যা শূন্য। এ যেন উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট।
শহীদ সোহরাওয়ার্দী কলেজ বর্তমানে “প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” এর সাতটি ক্যাম্পাসের মধ্যে অন্যতম একটি ক্যাম্পাস। উচ্চ মাধ্যমিক, অনার্স ও মাস্টার্স সব মিলিয়ে শিক্ষার্থী প্রায় ১২ হাজারের বেশি।
কলেজের অভ্যন্তরে হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা বা মানসিক চাপজনিত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের প্রথম ভরসা হওয়ার কথা মেডিকেল সেন্টার। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। সোহরাওয়ার্দী কলেজে মেডিকেল ইউনিটে নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই চিকিৎসার প্রাথমিক যন্ত্রপাতি , এমনকি কখনো কখনো থাকে না প্রয়োজনীয় ওষুধও শুধু তাই নয় অসুস্থ শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্য যে বেড সেটিও ভাঙা।
মেডিকেল সেন্টার প্রসঙ্গে জানতে চাইলে ডা. ফাতেমা বলেন, “গরমে এখানে বসার মতো পরিবেশ নেই। পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এসেছিল, কিন্তু ঠান্ডা পরিবেশ না থাকায় তারা আরও অসুস্থ হয়ে পড়ে। বিষয়গুলো বহুবার প্রশাসনকে জানানো হয়েছে।”
অন্যদিকে কলেজ অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “উন্নয়ন ফান্ডে যে অল্প টাকা ছিলো, তা ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়েছে। নতুন তহবিল পাওয়া গেলে মেডিকেল সেন্টারসহ অন্যান্য খাতেও সংস্কার করা হবে।”