
গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর বাঁধাই করতে গিয়ে পাওয়া গেলো রহস্যময় কিছু বস্তু—যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। রোববার (২৭ জুলাই) নরসিংদীর চিনিশপুর কবরস্থানে কবর বাঁধাইয়ের কাজ চলাকালীন মাটির নিচে শ্রমিকরা কোদাল চালাতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু খুঁজে পান।
কৌতূহলী শ্রমিকরা পলিথিনটি খুলে দেখেন সেখানে একটি কাপড়ের পুতুল, কিছু পিন এবং একটি ছোট চিরকুট রয়েছে। চিরকুটটিতে লেখা ছিলো, “তাসলিমার মেয়ে তানজিনা ও ছেলে উজ্জ্বল—এই দুজনার মধ্যে ঝগড়া ও বিচ্ছেদ হোক, তারা যেন একে অপরকে শত্রুভাবে দেখে।”
আরো পড়ুন: বান্দরবানের লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ
স্থানীয়রা ধারণা করছেন, এটি কালো জাদুর একটি নিদর্শন এবং কুফরি কালামের মাধ্যমে কারও ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই বস্তুগুলি কবরের পাশে পুঁতে রাখা হয়েছিল। ঘটনাটি জানাজানি হওয়ার পর কবরস্থান এবং আশেপাশের এলাকায় রহস্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, শহীদ তামিম গত বছর ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হন। সরকার শহীদ তামিমের কবর বাঁধাইয়ের উদ্যোগ নেয়, এবং সেই কাজ করতে গিয়েই এ ঘটনা সামনে আসে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।