গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, লোহাগাড়ায় সড়ক অবরোধ

ctg 3cd250b021a3ca7693d2e245fbc1c0e4

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। বুধবার বিকেলে নগরীর দুই নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। তবে এসময় যান চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।

এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভে অংশ নেন গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, গোপালগঞ্জে হামলার জবাব ভয়াবহ হবে। তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী বলেন, গোপালগঞ্জে হামলা শুধু এনসিপির ওপর নয়, জুলাইযোদ্ধাদের ওপরও। সরকারের ব্যর্থতায় পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এছাড়া গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়া, হাটহাজারী, পটিয়াসহ বিভিন্ন উপজেলায়ও বিক্ষোভ হয়েছে। এর মধ্যে লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে ‘প্রতীকী’ সড়ক অবরোধ করে এনসিপি।

লোহাগাড়ায় এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে যানজট তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

/