দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কড়া বার্তা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

c560d37c c98c 4ae4 920c

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নাকচ করে আবারও পূর্ব উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার (৮ এপ্রিল) সকালে চালানো এ পরীক্ষা গত দুই দিনের মধ্যে পিয়ংইয়ংয়ের দ্বিতীয় উসকানি হিসেবে দেখছে সিউল। ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সিউলের পক্ষ থেকে শান্তি আলোচনার যে আভাস মিলছিল, উত্তর কোরিয়ার এই সামরিক শক্তি প্রদর্শন সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। সাম্প্রতিক বক্তব্যে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট করেছেন, তারা দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবেই দেখছে এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পথে তারা পিছু হটবে না।

ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন ও উসকানি হিসেবে আখ্যা দিয়েছে সিউল। একই সঙ্গে এ ধরনের বিপজ্জনক পরীক্ষা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক বক্তব্যের পর দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছিল। তবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জাং কুম চল সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে শত্রু ছাড়া অন্যভাবে দেখবে—এমন ধারণা ‘অলীক কল্পনা’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া একদিকে সামরিক শক্তি প্রদর্শন করেছে, অন্যদিকে আলোচনার চেয়ে সংঘাতের পথেই তাদের অবস্থান অটল—এ বার্তাও দিয়েছে। শান্তি আলোচনার সুযোগ আপাতত দিতে আগ্রহী নয় পিয়ংইয়ং।
সূত্র: রয়টার্স