আজ প্রথম একনেক, অগ্রাধিকার তালিকায় ১৭ প্রকল্প

সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প

নতুন সরকারের অধীনে আজ বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক। এজেন্ডায় রয়েছে ১৭টি প্রকল্প, যেগুলো বাস্তবায়নে ব্যয় হতে পারে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৯টি।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

রীতি ভেঙে এবার পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়েই একনেক সভা আয়োজন করা হচ্ছে। রোববার রাতে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের তথ্য জানানো হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, করতোয়া নদী পুনরুদ্ধার প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাব রয়েছে। এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব রয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি টাকার।

এর বাইরে রাজধানী ঢাকায় পানি সরবরাহ সংক্রান্ত একটি প্রকল্প নিয়েও একনেকে আলোচনা হতে পারে। তবে এজেন্ডায় নেই পদ্মা ব্যারেজ প্রকল্প।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।